জুম করে দেখাবে কন্টাক্টলেন্স!

৩১ জুলাই, ২০১৯ ১৩:৪৯  
ক্যামেররা মতোই চোখের লেন্সও এবার জুম করে দূরের জিনিস কাছে এনে দেখাবে। ‘বায়োমেট্রিক সফট লেন্স’ নামের এই কন্টাক্ট লেন্স পড়া থাকলে দূরের কোনো দৃশ্য দেখার জন্য বাইনোকুলারের প্রয়োজন হবে না। কেবল চোখে লাগানো অবস্থায় পরপর দুইবার চোখের পাতা নাড়ালেই দূরে থাকা বিষয়টিকে আরো কাছে দেখতে পাবেন। ক্যালিফোর্নিয়ার একদল গবেষক এবারে এমন এক ধরনের কন্টাক্ট লেন্স তৈরি করেছেন যা শরীরের বা চোখের নির্দেশনা অনুযায়ী নিজে নিজেই জুম ইন ও জুম আউট করতে পারবে। ঘুমানোর সময় নিজ থেকেই চলে যাবে স্লিপিং মোডে। তবে প্রথমে রোবটে ব্যবহার করে পরে মানবজাতির জন্য ব্যবহার করা যাবে, বলছেন গবেষকদল। বিজ্ঞানীরা বিশ্বাস করেন, এই লেন্স দিয়ে ভবিষ্যতে ভিজ্যুয়াল প্রোথেসিস, চশমার পরিবর্তে এবং এমনকি একটি রোবোটকেও দূর থেকেও নিয়ন্ত্রণ করা যাবে। চলতি মাসে গবেষণা শেষ করে দেয়া প্রতিবেদনে গবেষকদের দাবি, এই কন্টাক্ট লেন্স সার্বক্ষণিক শারীরিকভাবে তৈরি হওয়া নির্দেশনা অনুসরণ করে চলবে। মানুষ যখন ঘুমাবে, এই লেন্স তখন ঘুমের মোডে চলে যাবে। আবার ঘুম থেকে উঠলে সক্রিয় হয়ে যাবে। লেন্সটি ইলেক্ট্রোগ্রাফিক সিগন্যালের মাধ্যমে বিভিন্ন নির্দেশনা অনুসরণ করতে পারবে। যেমন- জুম করা, ফোকাস এরিয়া বাড়ানোর ইত্যাদি। মূলত, এই লেন্সের মাধ্যমে একটি ক্যামেরা লেন্সের মতো বিভিন্ন ফিচার নিয়ে কাজ করা যাবে।